এই দুইটি প্রবাদ আমরা প্রায়ই বলে থাকি_
“নাই মামার চেয়ে কানা মামা ভালো।”
এবং
“দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।”
অনেকেই বলে এই কথা দুটো একটা আরেকটার বিপরীত। আসলে কিন্তু তা না। আমাদের জানতে হবে “কানা মামা” আর “দুষ্ট গরু” এই দুইটার মধ্যে পার্থক্য কী!
ধরুন বাংলাদেশ দলের সবচেয়ে ভালো উইকেটকিপার একটা বেয়াদব। সে দলের বাকি খেলোয়াড়দের পেছনে লেগে থাকে। তার কারণে দলে বিশৃঙ্খলা হয়। তাহলে আমরা বলতে পারে সে একটা “দুষ্ট গরু”। তাকে দল থেকে বের করে দাও। সে যতই ভালো খেলুক, থাকলে আমাদের নাম ডোবাবে।

এখন দলের অবস্থা কী হলো! দলে কোনো “মামা” বা উইকেটকিপার নেই। আমরা কি তাহলে উইকেটকিপার ছাড়া খেলবো? তা না করে আমরা মোটামুটি ভালো খেলে এমন এক উইকেটকিপার মানে “কানা মামা” নেবো।
এখন কি আর প্রবাদ দুটিকে পরস্পর বিরোধী মনে হচ্ছে!
কোনো ঘটনায় আমাদের বুঝতে হবে কোথায় কোন যুক্তি খাটে। আপনার একটা আঙুলের ইনফেকশন যদি সারা হাতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তাহলে আঙুল কেটে ফেলাই ভালো। দুষ্ট গরু রাখার দরকার নেই। আবার আপনি একটা কাজে যতটুকু সফলতা আশা করেছিলেন তার চেয়ে কম হলো। তাই বলে কি হতাশায় কাজ বন্ধ করে দেবেন! খুশি থাকুন যে আপনি তো অন্তত একটা কানা মামা পেলেন।
গণিতে বা বিজ্ঞানে অনেক সময় দুইটা সুত্র মিলিয়ে একটা সুত্র বানানো হয়। আমরা দুইটা প্রবাদ মিলিয়ে একটা প্রবাদ বানাতে পারি_
“দুষ্ট গরুর চেয়ে কানা মামা ভালো।”