রাগ নিয়ন্ত্রণ

রাগ নিয়ন্ত্রণ

সব প্রাণীই রাগ করে, নিয়ন্ত্রণ করতে পারে শুধু মানুষ।


রাগের সময় আমাদের মাথা গরম হয়ে যায়, হার্ট দ্রুত চলাচল করে। আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি।
মানুষ রাগের বহিঃপ্রকাশ অনেকভাবে করে। জিনিস ভাঙচুর করে। নিজের মাথার চুল টেনে ছিঁড়ে। কাঁচে ঘুষি মেরে হাত কেটে ফেলে। সামনে কাউকে পেলে তাকে মারে। দেয়ালে ঘুষি মারে। আমার বোন ছোট থাকতে দেয়ালে মাথা বাড়ি মারত। অনেকে যার উপর রাগ করে তার কোনো ক্ষতি করে ফেলে। মুখ খারাপ থাকলে গালাগালি করে। চেচামেচি করে পরিবেশ গরম করে ফেলে। আরও অনেক কিছুই আছে।


এসব করার পর আমাদের রাগ আস্তে আস্তে কমতে থাকে। মাথা ঠাণ্ডা হলে আফসোস করি। কেউ হয়ত তার শখের মোবাইল ভেঙে ফেলেছে। কেউ তার ভাইকে থাপ্পড় মেরেছে। কেউবা প্রিয় কাউকে এমন কথা বলে ফেলেছে যাতে তার মন খারাপ হয়ে গেছে। সম্পর্কের অবনতি হয়েছে।এমন ক্ষতি এড়াতে আমাদের জানা থাকতে হবে কীভাবে রাগকে ভালো উপায়ে সামলাতে হবে। সুস্থ উপায়ে রাগ ঝেড়ে ফেলার উপায় আছে। এগুলো প্রত্যেকটাই বেশ ভালো কাজ করে।


১। এটা অনেকেই অনুসরণ করে। আপনি যদি উত্তেজিত অবস্থায় দাঁড়িয়ে থাকেন তাহলে বসে পড়ুন। বসে থাকলে বা কাজ না হলে শুয়ে পড়ুন। এতেও না হলে বিছানায় গড়াগড়ি করুন।
২। তোয়ালে, গামছা, কাপড় হাতের কাছে যা পাবেন সেটা হাতে পেঁচিয়ে দেয়ালে কিছুক্ষণ ঘুষি মারুন। আমি অনেক সময় যেটা করি বাথরুমে গিয়ে বাতলির পানিতে ঘুষি মারি।
৩। ঘরে অপ্রয়োজনীয় পত্রিকা বা কাগজ থাকলে ছিঁড়ে কুচিকুচি করুন। আরও ভালো হয় সাদা কাগজে রাগের কারণ ও বর্ণনা লিখে নিলে। যদি নির্দিষ্ট কারো উপর মেজাজ খারাপ হয় তাকে লিখে বকাবকি করে কাগজ ছিঁড়ুন। যা লিখবেন পড়ে দেখার দরকার নেই। বানান ভুল হলো কিনা সেটাকে পাত্তা দেবেন না। কারণ এই লেখা আর কেউ কখনো দেখবে না।


এগুলো তো রাগ উঠে গেলে কী করবেন! সবচেয়ে ভালো হয় যদি রাগের আগেই নিজকে নিয়ন্ত্রণ করতে পারেন। কোনো কারণে যখন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে সেটা থেকে মনোযোগ সরিয়ে আনার চেষ্টা করুন। যার উপর বা যে ঘটনায় মেজাজ খারাপ হচ্ছে তার সম্পর্কে পজিটিভ কিছু ভাবুন। আরেকটা সহজ কাজ হচ্ছে সেই অবস্থায় ২০, ১৯, ১৮ … এভাবে উল্টো গুনে ১ পর্যন্ত আসুন। এতে মনোযোগ এমনিতেই সরে আসবে।

 

একবার রেগে গেলে উত্তেজিত অবস্থায় এসব মনে পড়ে না। তাই আগে থেকে নিজেকে বারবার মনে করাতে হয়। আজকে দুইবার ভাবুন, কালকে দুইবার ভাবুন, তাহলে পরশু রেগে গেলে এমনিতেই মনে পড়ে যাবে।


রাগের কারণে আমাদের জীবনে অনেক অপূরণীয় ক্ষতি হয়ে। অনেক সম্পর্কের মৃত্যু ঘটে। একটু ভুল বঝাবুঝির কারণে মাথা গরম করে এমন কিছু করে ফেলি যার জন্য সারাজীবন শুধু আক্ষেপ করে যেতে হয়।

রাগকে বাগে এনে সবার জীবনে শান্তি বিরাজ করুক। মনে আছে তো রেগে গেলেন, তো হেরে গেলেন!

Posted in Blog, Mobile, MusicTags:
Write a comment