আমার চিন্তাবেলা-১

আমার চিন্তাবেলা-১

আমার মধ্যে মনেহয় দেশপ্রেমের ঘাটতি আছে।

অধিকাংশের মতো ইন্ডিয়া, পাকিস্তানকে গালাগালি করি না। শুধু তাই না, অন্যদের গালাগালি করতেও বাধা দেই। তাই নিজে প্রচুর গালি খাই। ভারতের দালাল, পাকিস্তানের দালাল ট্যাগ খাই। তবে এক সাথে এই দুই দেশের দালালও কেউ হতে পারে না। ব্যাপারটা সাংঘর্ষিক। তাছাড়া ইন্ডিয়া-পাকিস্তানের প্রতি কোনো টানও কাজ করে না। আগে ইন্ডিয়ার খেলা ভালো লাগত। এখন সেটাও নেই। ছোটবেলায় পাকিস্তানকে ঘৃণা করতাম মুক্তিযুদ্ধের কারণ দেখিয়ে। স্কুল জীবনের শেষ দিকে এসে হঠাৎ মুক্তচিন্তার উদয় হলো। তাছাড়া একবার মুক্তিযুদ্ধের একটা গল্প লিখতে গিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক পড়াশোনা করলাম। পাকিস্তানকে ঢালাওভাবে ঘৃণা করাকে আর যুক্তিসঙ্গত মনে হলো না। একটু করুণা আসে। পূর্বপুরুষদের ঘৃণিত কাজের কথা তাদের ইতিহাসে লেখা নেই।

 

এবার “সুশীল” নামক গালি শোনার পালা। সুশীলসমাজ কী করে তারাই জানে। আমি কোনো দলে পড়ি না। তাই সবার গালি খাই। আমার আব্বা প্রচুর গালাগালি করে। আমি তার যোগ্য ছেলে হতে পারি নি। সে বলে আমাকে জীবনে একটা গালি দিতেও শোনে নি।

এদিকে আমার এক ম্যাডাম আমাকে গালি দিতে শুনে ফেলেছে! স্কুলে আমি খেলার সময় কাকে জানি “গাধা” বলেছিলাম। সেদিন খুব অপমানিত হয়েছিলাম। আমি ভাবতাম “গাধা” বুঝি কোনো গালি না। ইদানীং মনে হয় শুধু গাধা কেন আরও খারাপ কিছুও মানুষের সাধারন ভাষায় পরিণত হয়েছে। এক বন্ধু আরেক বন্ধুকে গালি দিয়ে ডাকে। জবাবে সেই বন্ধুও হাসতে হাসতে গালি দেয়। গালি এখন মজা। ভাষা সমৃদ্ধ হচ্ছে। ভাষা আন্দোলন করে সালাম, জব্বার, রফিক নিশ্চিত করে গেছেন সবাই যেন বাংলায় গালি দিতে পারে। উর্দু গালির ভাণ্ডার হয়তো এতো সমৃদ্ধ না।

তবে গালিভাণ্ডারকে আরও সমৃদ্ধ করার জন্য ইংরেজি গালির চর্চা চলছে পুরোদমে। শুধু ফেব্রুয়ারি মাসে একটু একুশের চেতনায় চেতে ওঠে সবাই। এসব দেখে নিজের দেশপ্রেম নিয়ে সংশয়য়ের মধ্যে ছিলাম।

আমার আব্বা আমাকে বেশ কয়েকবার বিদেশে পাঠানোর চেষ্টা করেছে। প্রায়ই করে। আমি মুখের উপর মানা করে দেই। আমার কথা একটাই। দেশের সমস্যা থাকবেই। তাই বলে সবাই দেশ ছেড়ে চলে গেলে সমস্যার সমাধান করবে কারা! তখন কিছুটা স্বস্তি পাই যাক একটু দেশপ্রেম আছে নিজের মধ্যে! দেশের জন্য কী করলাম সেটা পরের কথা।

কিন্তু আজকাল বেশ ঝামেলার মধ্যে আছি। দেশের প্রতি টান আগের মতো নেই। সারা পৃথিবীকে একটা দেশ ভাবতে ভালো লাগে। নিজেকে বিশ্বনাগরিক কল্পনা করি। কখনো নিজেকে মহাবিশ্বের অংশ ভাবতেই বেশি ভালো লাগে। দূর থেকে দেখা যায় বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চীন, আমেরিকা, অস্ট্রেলিয়া সব এক জায়গায় এক পৃথিবীতে ঘুরছে।

 

Posted in Mobile, MusicTags:
Write a comment