যদি মেয়ে মারে ছেলেকে

যদি মেয়ে মারে ছেলেকে
ছেলে মেয়েকে প্রকাশ্যে মারছে। কেউ সেটা ভিডিও করে অনলাইনে ছেড়ে দিচ্ছে। হাজার হাজার শেয়ার। ছেলেকে খুঁজে বের করে কঠিন ধোলাই দাও।
কয়েকদিন ধরে এমন ভিডিও একটার পর একটা দেখা যায়। এখন ঘটনা যদি উল্টো হয়, মেয়ে ছেলেকে প্রকাশ্যে মারে, তাহলে আমাদের প্রতিক্রিয়া কেমন হবে?
What would you do নামে আমার খুব পছন্দের একটা প্রোগ্রাম আছে। তারা একবার এটা নিয়ে একটা পর্ব করেছিল। দুইজন ছেলে-মেয়েকে দিয়ে অভিনয় করানো হয় প্রেমিক-প্রেমিকা সাজিয়ে। পার্কে মেয়ে ছেলেকে মারছে বকাবকি করছে।
কয়েক ঘণ্টায় ১৬৩ জন সেখান দিয়ে হেঁটে যায়। বেশিরভাগ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। কেউ কেউ দেখে বেশ মজা পায়। এক মেয়েকে আরও মারার উৎসাহ দিতে দেখা যায় হেঁটে পার হবার সময়!
তিনজন মহিলা বিকালে হাঁটার উদ্দেশ্যে বের হয়েছিল। তারা এটা দেখে নিজেদের মধ্যে আলোচনা করে কী করবে! তাদের একজন এগিয়ে এসে মেয়েকে জিজ্ঞেস করে কী হয়েছে! মেয়ে ঝাড়ি মেরে বলে, যা হবার হয়েছে! আপনি নাক গলাতে এসছেন কেন?
মহিলা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়।
যারা এই ঘটনা দেখেছে তাদের জিজ্ঞেস করা হয় তাদের মনোভাব কী?
বেশিরভাগের ধারণা হয়েছে ছেলে মেয়ের সাথে কোনো প্রতারণা করেছে। তাই মেয়ে রেগে গিয়ে মারছে।
কোনো কোনো মেয়ে খুশি হয়েছে যে একটা মেয়ে ছেলেকে শায়েস্তা করেছে দেখে।
বেশিরাভাগ পুরুষ ঘটনার সাথে জড়াতে চায় নি। তাদেরও ধারণা হয়েছে ছেলে নিশ্চয়ই খারাপ কিছু করেছে তাই পেটাচ্ছে।
মনোবিজ্ঞানীরা মানুষের এমন আচরণের ব্যাখ্যা দিয়েছে। তাদের মতে মেয়েরাই ছেলেদের গায়ে বেশি হাত তোলে। তবে ছেলেরা মারলে ক্ষতির পরিমাণ বেশি হয়। আর মেয়েরা ছেলেদের মারলেও ক্ষতি কম হয়। তাই ছেলেরা মারলেই মানুষ সেটা বেশি গুরুত্বের সাথে নেয়।
পথচারীদের এটাও জিজ্ঞেস করা হয় তারা পুলিশকে ডাকে নি কেন?
তাদের প্রায় সবার ব্যাখ্যা হচ্ছে দুইজনের ব্যক্তিগত বিষয়ে পুলিশ ডেকে আনা তারা জরুরি মনে করে নি।
এটা তো গেল ছেলে-মেয়ের পার্থক্য। বয়সের কারনেও মানুষের প্রতিক্রিয়া পাল্টায়। What would you do-এরই আরেকটা পর্বে দেখানো হয় মধ্য বয়স্ক এক পুরুষ রেস্টুরেন্টে বসে তার স্ত্রীকে বেশ বকাবকি করছে। বাকিরা বিব্রত হলেও বড় মাত্রার কোনো রিঅ্যাকশন কেউ দেখায় নি।
তাদের পরবর্তীতে জিজ্ঞেস করে জানা যায় পারিবারিক বিষয়ে নাক গলানো অনধিকার চর্চা মনে করে তারা নিজেকে বিরত রেখেছে।
আমরা যে ভিডিওগুলো দেখি তাতে সবচেয়ে হতাশাজনক ব্যাপার হচ্ছে সেখানকার উপস্থিত মানুষেরা প্রতিবাদ করে নি। তাই সবাইকে একটা প্রশ্ন করতে চাই। আপনি সেখানে থাকলে কী করতেন?
Posted in Uncategorized
Write a comment